
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্যমতে, বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে ২৮ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন।
এর আগে সকালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ, ধোঁয়া ও আগুনে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ দৌড়ে শ্রেণিকক্ষ ত্যাগ করে নিরাপদ স্থানে ছুটে যায়।
প্রচণ্ড শব্দ ও আগুনের গোলায় পুরো এলাকা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
সরকারিভাবে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে।