
নেত্রকোনা জেলা সদরের রাজুর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যান। তার বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোরে রাজুর বাজার এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।”
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।