
খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেটে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে আসছিল। ঠিক তখনই একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর থেকে রেল ক্রসিংয়ের গেটম্যান ওহেদুল পলাতক রয়েছেন।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, আফিল গেট বাইপাস সড়কের রেল ক্রসিংয়ে ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং ট্রেন সেটিকে ধাক্কা দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে অনেকে আহত হন। স্থানীয়রা গুরুতর আহত এক বৃদ্ধকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের ইএমও ডা. আশরাফ হোসেন জানান, রাত ১০টা পর্যন্ত আটজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আনুমানিক ৬০-৬৫ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি; তার কাছে থাকা মোবাইল ফোনে কল এলে স্বজনদের খবর দেওয়া হচ্ছে।
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনায় আসার পথে এ দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। এ ছাড়া রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়ে যাবে বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী।