
দিনাজপুরের ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের দশমাইল এলাকায় ট্রাকচাপায় হালিমা খাতুন (৬০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে দশমাইল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হালিমা খাতুন দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হালিমা স্বামী আফছার আলীর সঙ্গে মোটরসাইকেলে করে ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক হালিমা খাতুনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তার স্বামী আফছার আলী।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এরইমধ্যে মামলার প্রস্তুতি চলছে। এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।