
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা জাফর মুন্সি (৭০) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি বালুবোঝাই ট্রলি কালিয়ার দিকে যাচ্ছিল। তালবাড়িয়া মৌলভী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বড়দিয়া গামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা দম্পতি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রলি ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক দুর্ঘটনা রোধে দ্রুতগতির যানবাহনের নিয়ন্ত্রণ, সঠিক লাইসেন্স এবং যান্ত্রিক ত্রুটি পরীক্ষার ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।