
ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে নেত্রকোনার পূর্বধলায় কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে উপজেলার ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে যান।
সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে পাবই শেখপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও তার স্ত্রী মারা যান। অন্য দু’জন আহত হন।
এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করে স্থানীয়রা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘কাভার্ডভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’ এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি নুরুল আলম।