
নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নাসির নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের মো. দবির উদ্দিন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’