
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল হোসেন (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল ঝিনাইদহ সদর উপজেলার আব্দুল আজিজের ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।