
৮ম ইউনাইটেড নেশনস (ইউএন) গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে গতকাল (২৬ মে) বেলা ১১টায় ধানমন্ডির ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে ইয়ুথ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন এবং বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন।
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সভাপতি ইফতিখার আহমেদ সাকিব অতিথি হিসেবে বক্তব্য দেন। আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি নীলিমা আখতার বলেন, “আমাদের সকলের হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এতে যেমন স্বাস্থ্যের উপকার হয়, তেমনি পরিবেশও ভালো থাকে। এছাড়া চিকিৎসা ব্যয় এবং সড়ক দুর্ঘটনা হ্রাস পায়। এজন্য সরকারি-বেসরকারি সেক্টর এবং তরুণদের একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে তরুণ সদস্যরা প্রধান অতিথির হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি সংক্রান্ত একটি স্বারকলিপি প্রদান করেন।
এ কার্যক্রমের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ সমাজকে ঝুঁকি কমিয়ে নিরাপদ রাস্তায় চলাচলের আহ্বান জানানো হয়।