
সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমান (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোস্তাফিজুর রহমান আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের নাজিম উদ্দীন সরদারের ছেলে এবং সাতক্ষীরায় পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত হাফিজ উদ্দিন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মফিদুল ইসলামের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মনিরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবার মামলা না করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করেছে।