
মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিনচালিত গ্রামবাংলার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে রাত ৮টার দিকে শালিখা উপজেলার তালখড়ি এলাকায়।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও অজ্ঞাত পরিচয় একটি পথচারী। আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। আহত রিফাত বিশ্বাস (১৮)কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু হুরাইরা এবং তার পরিবার আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চতুরবাড়িয়া যাচ্ছিলেন। পথে তালখড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রামবাংলা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাত পথচারী নিহত হন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি মিয়া বলেন, “রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।”