
বগুড়ার শাজাহানপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফাহাদ বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি আশেকপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫) এবং কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে নয়ন (৪০)। আহত আরও দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের সময় ফাহাদ ঘটনাস্থলেই নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।