
গাজীপর সিটি করপোরেশনের পুবাইলের মাজুখান এলাকায় লরির চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার হায়দরবাদ এলাকার ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী একই থানার মাজুখান এলাকার সাহেদ সাব্বির (২৫)।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পুবাইলমুখী ব্যাটারচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লরির চাপায় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক হানিফ ও যাত্রী সাহেদ সাব্বির নিহত এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার এসআই রফিকুল ইসলাম জানান, লরির চাপায় ইজিবাইকটি সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।