
লক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।
নিহতদের মধ্যে একজন সদরের লাহারকান্দি ইউনিয়নের কুমিদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে নজরুল ইসলাম কালাম (৫০)। তিনি পেশায় ভ্যানচালক। অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় ফ্রেশ সিমেন্টবাহী কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক কালাম আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আহত এক বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা দু’জনই মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।