
রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলে ৪৯ আরোহীসহ নিখোঁজ একটি বিমান বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিখোঁজ হওয়ার পর শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। পরে আমুর অঞ্চলের একটি বনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখে উদ্ধারকারীরা বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের একটি আন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান। এতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। তবে মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে যাত্রীর সংখ্যা প্রায় ৪০ জন বলেও উল্লেখ করা হয়।
স্থানীয় সময় সকাল থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আকাশপথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এটি চীন সীমান্তসংলগ্ন টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানান, বিমানের সন্ধানে জরুরি উদ্ধার ও অনুসন্ধান দল মোতায়েন করা হয়। পরে বনের গভীরে আগুন ধরা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে উদ্ধারকারীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যাওয়ায় কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। আন-২৪ মডেলের বিমানগুলো সাধারণত আঞ্চলিক রুটে ব্যবহৃত হয়। তবে বিশেষ করে দূরপ্রাচ্যের প্রত্যন্ত অঞ্চলে খারাপ আবহাওয়া ও দুর্বল নেভিগেশন ব্যবস্থার কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।