
রাজধানী ঢাকায় রোববার (৩ আগস্ট) সকাল থেকেই ভয়াবহ যানজট দেখা দিয়েছে। একযোগে কয়েকটি রাজনৈতিক সমাবেশ, এইচএসসি ও বিসিএস পরীক্ষা এবং সপ্তাহের প্রথম কর্মদিবস একত্রে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে চলেছে গাড়ির কচ্ছপগতির প্রতিযোগিতা।
সকালে কল্যাণপুর, শ্যামলী, সায়েন্সল্যাব, মৎস্যভবন, হাইকোর্ট, শাহবাগ, টিএসসি, শহীদ মিনার ও কাঁটাবন এলাকাজুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে শাহবাগ মোড় কার্যত অচল হয়ে যাওয়ায় এর প্রভাব পড়ে আশপাশের অলিগলিতেও।
সকাল সাড়ে ৮টা থেকে যানজট আরও ঘনীভূত হয়। বিশেষ করে সমাবেশস্থলগুলোর আশেপাশে রাস্তায় গণপরিবহনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকে বাসে উঠতে না পেরে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে দুর্ভোগের।
আসাদগেটে দাঁড়িয়ে থাকা চাকরিজীবী আসগর আলী বলেন, “বাসে তো ওঠার জায়গা নেই। গাড়িও চলছে খুব ধীরে। অফিসে কখন পৌঁছাবো, বলা মুশকিল। কর্মদিবসে এমন বড় সমাবেশ না হলে ভালো হতো।”
মালিবাগগামী মিঠু নামের এক যাত্রী জানান, “বারডেমে আমার আত্মীয় ভর্তি। গাড়িতে উঠেছি অনেক কষ্টে, কিন্তু গাড়ি একদম চলছে না।”
সড়কে চাপের প্রভাব পড়ে মেট্রোরেলেও। ফার্মগেট, পল্লবী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ফার্মগেট স্টেশনে অপেক্ষমাণ যাত্রী আসিফ আলী বলেন, “রাস্তায় জ্যাম দেখে মেট্রো ধরলাম। কিন্তু এখানে এসেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।” আরেক যাত্রী শাহীন আলম জানান, “আজ মেট্রোরেলের দুটি ট্রেন মিস করেছি। এত যাত্রী কখনো দেখিনি।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তিনটি রাজনৈতিক সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ কিছু মোড়ে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শহরবাসীকে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
যানচলাচলে ডাইভারশন নির্দেশনা:
ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরমুখী যানবাহন হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করবে
কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা গাড়িগুলো নীলক্ষেত বা পলাশী হয়ে যাবে
মৎস্যভবন: যানবাহন হেয়ার রোড বা মনসুর আলী সরণি হয়ে ঘুরে চলবে
টিএসসি ও রাজু ভাস্কর্য: শাহবাগ এড়িয়ে নীলক্ষেত বা দোয়েল চত্বর হয়ে চলাচলের পরামর্শ
শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান: সংলগ্ন রাস্তাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে
এদিকে আজ ঢাকায় একযোগে এইচএসসি ও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যানজটের কারণে পরীক্ষার্থীদের যেন দেরি না হয়, সেজন্য সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সড়কজুড়ে এক ধরনের স্থবিরতা বিরাজ করেছে। যেখানে যান চলেছে, সেখানেও গতি ছিল অত্যন্ত ধীর। ব্যস্ত নগর জীবনে এ ধরনের যানজট শুধু কর্মঘণ্টা নষ্টই করছে না, নাগরিকদের মানসিক চাপও বাড়িয়ে তুলছে।