
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় একটি মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
দুর্ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, ট্রেনের তীব্র ধাক্কায় ডাবল ডেকার বাসটি দুমড়ে মুচড়ে যায়।
মালবাহী ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিডি ডে মেক্সিকো এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটির মালিক প্রতিষ্ঠান হেররাদুরা কোনো মন্তব্য করেনি।
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনা নতুন নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে মোট ১২ হাজার ৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ হাজার ৯০০ জন নিহত এবং ৬ হাজার ৪০০ জন আহত হন। আর্থিক ক্ষতি দাঁড়ায় প্রায় ১০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ।