
চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের পেছনে রডবোঝাই লরির ধাক্কায় মো. নুরু মিয়া (৬৫) নামের এক লরিচালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুরাদনগরের নেয়ামতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় বিএসআরএমের স্ক্যাপবোঝাই ড্রাম ট্রাকের পেছনে রডবোঝাই লরিটি ধাক্কা দেয়। এতে লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক নুরু মিয়া ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা হায়াতুন্নবী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চালক স্টিয়ারিংয়ে আটকে আছেন। অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করা হয়, কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”