ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

মালয়েশিয়ার কেদাহে অভিযান, বাংলাদেশিসহ ১৬ বিদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ । ২৩ জন

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদং মেইহা শিল্পাঞ্চলের একটি শ্রমিক আবাসনে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৬ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসনে অভিযান চালানো হয়। অভিযানটি শুরু হয় রাত ১টা ২০ মিনিটে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অপারেশনাল ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ৩৩ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক ছিলেন। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় ১০ জন চীনা, ৫ জন বাংলাদেশি এবং ১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

অভিযান চলাকালে কিছু শ্রমিক পালানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, দুই তলা বিশিষ্ট ওই শ্রমিক আবাসনে শ্রমিকদের থাকার পাশাপাশি একটি খুচরা দোকানও পরিচালিত হচ্ছিল। আটক ব্যক্তিদের সিক-এর বেলাঁতিক ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

চলতি বছরের পরিসংখ্যান তুলে ধরে দাতুক লোকমান জানান, ১ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ২২৭টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৬৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিয়োগকর্তাদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের কাজে রাখা বা আশ্রয় দেওয়া মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিক নিয়োগ না দেওয়ার আহ্বান জানান তিনি।