
স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিশ্চিত করেছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, যোগ্য ভ্রমণকারীরা পর্যটন, ব্যবসা, পারিবারিক সাক্ষাৎ ও সামাজিক বিনিময়সহ বিভিন্ন উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য ভিসা ছাড়াই জাপানে প্রবেশ করতে পারবেন।
জাপান জানিয়েছে, ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশ ও অঞ্চলগুলোর নাগরিকদের জন্য অনুমোদিত অবস্থানের মেয়াদ ১৫, ৩০ অথবা ৯০ দিন হতে পারে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা সর্বোচ্চ ১৫ দিন, ব্রুনাই ও কাতারের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন এবং অন্যান্য অধিকাংশ দেশের নাগরিকরা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
জাপানের ভিসামুক্ত তালিকায় থাকা ৭৪টি দেশ ও অঞ্চল হলো- অ্যান্ডোরা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহামাস, বার্বাডোস, বেলজিয়াম, ব্রাজিল, ব্রুনাই, বুলগেরিয়া, কানাডা, চিলি, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, দক্ষিণ কোরিয়া, লাটভিয়া, লেসোথো, লিশটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, ম্যাকাও, মালয়েশিয়া, মাল্টা, মরিশাস, মেক্সিকো, মোনাকো, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, ওমান, পানামা, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রোমানিয়া, সান মারিনো, সৌদি আরব, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য।
জাপানের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাভুক্ত কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানসম্মত বায়োমেট্রিক ই-পাসপোর্ট বা মেশিন-রিডেবল পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। এছাড়া ২০২৫ সালের ১৬ এপ্রিলের পর ইস্যু করা উরুগুয়ের সাধারণ পাসপোর্ট আপাতত এই ভিসামুক্ত সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে।
তবে বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ফলে বাংলাদেশি নাগরিকদের জাপান ভ্রমণের জন্য আগের মতোই ভিসা সংগ্রহ করতে হবে।
জাপান সরকারের মতে, পারস্পরিক ভিসা অব্যাহতি ব্যবস্থা পর্যটন, ব্যবসা ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক জনসম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসুত্র: legit.ng