ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

বেপরোয়া প্রাইভেটকার চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ । ৮২ জন

মাদারীপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী (১০) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন।

নিহত সুরাইয়া কাজী একই এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। গুরুতর আহত শিশু মিম কাজী (১২) ওই এলাকার মামুন কাজীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলপড়ুয়া দু’টি শিশু রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয় এবং মিম গুরুতর আহত হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা একজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রাইভেটকারের চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা সবাই নেশাগ্রস্ত ছিলেন এবং তাদের বয়স ১৫–১৬ বছরের মতো। বেপরোয়া গতি, অভিজ্ঞতার অভাব ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের আটক করে দেওয়া একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্তে অভিযান চলছে।

নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, প্রাইভেটকারটির মালিকানা, চালকের পরিচয় এবং বাকিদের শনাক্তে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও ঘটনার বিস্তারিত যাচাই করা হচ্ছে।