
চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে রেখেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং শত শত গাড়ি আটকা পড়ে আছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “আমরা হেফাজত নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
এর আগে মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারান মাওলানা সোহেল চৌধুরী (৫০)। তিনি মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাওলানা সোহেল চৌধুরীর জন্ম সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করছিলেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
দুর্ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে।