
বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কলাবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় উভয় ট্রাকের চালক, হেলপার এবং কলার ব্যবসায়ীসহ ছয়জন গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল ৯টার দিকে কলাবোঝাই ট্রাকের চালক আব্দুস সালাম মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের চাচাতো ভাই জুয়েল রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরবর্তী আইনগত কার্যক্রম হাইওয়ে থানা পুলিশ সম্পন্ন করবে।