
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারী এবং হাসপাতালে নেওয়ার পর দুইজন পুরুষ মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আরিফুজ্জামান চাঁন জানান, ঘটনাস্থলে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।”
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, “দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজন পুরুষ মারা যান। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”