ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

যুদ্ধের ময়দানে অস্ত্র এখন ধর্ষণ, চারগুণ বাড়ল যৌন সহিংসতা : জাতিসংঘ

প্রতিবেদক
হাসান মাহমুদ
১৪ নভেম্বর ২০২৬, ২:১৮ বিকাল

Link Copied!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সংঘাতের কবলে পড়েছে বর্তমান বিশ্ব। বিগত ১৫ বছরের ব্যবধানে বিশ্বব্যাপী সশস্ত্র সংঘাতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আর এই নজিরবিহীন যুদ্ধ ও অস্থিতিশীলতার সবচেয়ে ভয়ংকর ও নির্মম মূল্য চুকাতে হচ্ছে নারী ও কন্যাশিশুদের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উথাপিত মহাসচিবের সাম্প্রতি প্রকাশিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক প্রতিবেদনে (নথি নম্বর: S/2026/758) বৈশ্বিক এই মানবিক বিপর্যয়ের এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং ২০২২ সালের তুলনায় প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধক্ষেত্রে নারীদের ওপর যৌন নির্যাতনকে রীতিমতো সুপরিকল্পিত যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিশ্বজুড়ে সংঘাতের এই চরম পরিস্থিতিতে লাখ লাখ নারী ও কন্যাশিশু সরাসরি সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে। সংঘাতপূর্ণ এলাকার ৫০ কিলোমিটারের মধ্যে কোটি কোটি নারীর বসবাস এবং তাদের একটি বড় অংশ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক আইন ও সাধারণ মানবতার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে নির্বিচারে হামলা চালানো হচ্ছে। এর ফলে বেসামরিক নারী ও শিশুদের প্রাণহানির হার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যুদ্ধাক্রান্ত অঞ্চলগুলোতে নারী ও শিশুদের ওপর এই অমানবিক নিপীড়ন বিশ্ববিবেকের জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংঘাতকবলিত অঞ্চলে ৭৫ কোটির বেশি নারী :
প্রতিবেদনের তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বের প্রায় ৭৫ কোটি ৬১ লাখ নারী ও কন্যাশিশু সশস্ত্র সংঘাতের ৫০ কিলোমিটারের মধ্যে বসবাস করেছে, যা বিশ্বের মোট নারী জনসংখ্যার ১৮ দশমিক ৮ শতাংশ। নব্বইয়ের দশকের পর এটিই সর্বোচ্চ সংখ্যা ও হার। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী বিশ্বের আনুমানিক ৪২ কোটি ৬৪ লাখ নারী ও মেয়ের প্রায় ৪০ শতাংশই (১৬ কোটি ২৯ লাখ) এখন যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চলের বাসিন্দা।

যৌন সহিংসতা ও ভয়াবহতার চিত্র :
জাতিসংঘের যাচাইকৃত তথ্যানুযায়ী, বর্তমানে ৭৭টি রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত, যাদের দুই-তৃতীয়াংশই বছরের পর বছর কোনো সংশোধনমূলক ব্যবস্থা ছাড়াই এই অপরাধ চালিয়ে যাচ্ছে।

হাইতি: হাইতিতে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র গ্যাংগুলোর তাণ্ডবের কারণে নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতার মাত্রা চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে হাইতিতে যৌন সহিংসতার ঘটনা এক লাফে ১৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ঘটিত এসব যৌন সহিংসতার ঘটনার সিংহভাগই ছিল নৃশংস গণধর্ষণের ঘটনা, যা যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আইনের শাসনহীনতা এবং নারী সুরক্ষার সম্পূর্ণ পতনের একটি ভয়ংকর চিত্র।

সুদান: সুদানে তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হয়ে সহায়তা চাওয়া নারী ও মেয়ের সংখ্যা চারগুণ বেড়েছে। এল ফাশের শহরে গণহত্যার পাশাপাশি একটি মাতৃসদন হাসপাতালে হামলা চালিয়ে প্রায় ৫০০ রোগী ও স্বজনকে হত্যা করা হয়েছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি): দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে কয়েক হাজার নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছেন। জরুরি ওষুধের তীব্র সংকটের কারণে ধর্ষণের শিকার হাজার হাজার নারী এইচআইভি সংক্রমণ প্রতিরোধের চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

বেসামরিক নারী ও শিশু হত্যা ও প্রজনন সহিংসতা :
ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবিরে নির্বিচারে বিস্ফোরক অস্ত্র ও বিমান হামলার কারণে নারী ও শিশুদের প্রাণহানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৫ সালে ২০টি সশস্ত্র সংঘাতে জাতিসংঘের নথিভুক্ত ৩৭ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার প্রতি চারজনে একজন নারী বা কন্যাশিশু।

ফিলিস্তিনের অধিকৃত গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত ৩৮ হাজার নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন এবং আরও ১১ হাজার নারী ও শিশু চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড ও নবজাতক ইউনিট ধ্বংস এবং খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম অবরোধের ফলে গাজায় জীবিত সন্তান জন্মদানের হার ৪১ শতাংশ কমে গেছে এবং গর্ভপাতের হার ৩০০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৪ জন ছাত্রী ও ২৬ জন নারী শিক্ষক নিহত হন। ইউক্রেনে ২০২৫ সালে নারীদের হতাহতের সংখ্যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে। মিয়ানমারে বিমান হামলায় যাচাইকৃত ৯৮২ জন বেসামরিক নিহতের মধ্যে অন্তত ৩৬৮ জন নারী ও ২৩২ জন শিশু রয়েছেন।

এছাড়া, সংঘাতপূর্ণ দেশে সন্তান জন্ম দিতে গিয়ে নারীদের মাতৃমৃত্যুর ঝুঁকি স্থিতিশীল দেশের তুলনায় পাঁচগুণ বেশি। ২০২৩ সালেই সংঘাতকবলিত অঞ্চলে প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুর শিকার হয়েছেন আনুমানিক ১ লাখ ৬০ হাজার নারী।

শিক্ষা ও বাস্তুচ্যুতির করুণ দশা :
২০২৪ ও ২০২৫ সালে বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৯ হাজার ২৫৯টি হামলা হয়েছে, যাতে ১০ হাজার ৬০০-এর বেশি শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়েছেন। সংকটময় অঞ্চলে বসবাসকারী ১২ কোটি ৭০ লাখ শিশু-কিশোর বর্তমানে স্কুলের বাইরে রয়েছে। আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার কারণে ২২ লাখ মেয়ে স্কুলবঞ্চিত, যা ২০৩০ সাল নাগাদ ৪০ লাখে পৌঁছাতে পারে। জরিপে দেখা গেছে, শিক্ষাবঞ্চিত এই আফগান কিশোরীদের প্রায় ৯০ শতাংশের মধ্যে তীব্র বিষণ্ণতার লক্ষণ রয়েছে এবং প্রায় অর্ধেক আত্মহত্যার চিন্তা করেছে।

২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৭৮ লাখে—অর্থাৎ বিশ্বের প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত। এদের প্রায় ৬০ শতাংশই নারী ও শিশু। বাস্তুচ্যুতির কারণে সংঘাতপূর্ণ দেশগুলোতে বাল্যবিবাহের হার সাধারণ দেশগুলোর তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বেশি। সুদানে নারীপ্রধান পরিবারগুলোর তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি পুরুষপ্রধান পরিবারের তুলনায় তিনগুণ বেশি।

শান্তি আলোচনায় নারীদের বর্জন :
সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হওয়া সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠার আলোচনা থেকে নারীদের সুপরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। ২০২৫ সালে পরিচালিত ৫৭টি শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দলে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র ৫ শতাংশ, যা আগের বছর ছিল ৭ শতাংশ। ওই বছর স্বাক্ষরিত ৫৩টি শান্তি চুক্তির মাত্র ১৯ শতাংশে (১০টি চুক্তিতে) নারী, মেয়ে বা জেন্ডার সংক্রান্ত বিষয়ের উল্লেখ ছিল। এমনকি ১৩টি যুদ্ধবিরতি চুক্তির একটিতেও সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতাকে নিষিদ্ধ হিসেবে উল্লেখ করা হয়নি। সুদানে গত তিন বছরের কোনো আনুষ্ঠানিক শান্তি আলোচনায় একজন সুদানি নারীকেও রাখা হয়নি এবং গাজা সংঘাত নিরসনের আলোচনাতেও ফিলিস্তিনি ও ইসরায়েলি নারীরা প্রায় অনুপস্থিত।

সামরিক ব্যয়ে রেকর্ড, মানবিক তহবিলে ধস :
প্রতিবেদনে বিশ্বনেতাদের অগ্রাধিকারের চরম বৈপরীত্য তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় টানা একাদশ বছরের মতো বেড়ে প্রায় ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জাতিসংঘের নিয়মিত বাজেটের (৩ দশমিক ৭২ বিলিয়ন ডলার) তুলনায় ৭৭৬ গুণ বেশি। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বৈশ্বিক সামরিক ব্যয় ৪ দশমিক ৭ থেকে ৬ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, চরম সংকটাপন্ন দেশগুলোতে দ্বিপক্ষীয় বৈদেশিক সহায়তা টানা পঞ্চম বছরের মতো কমেছে। ২০২৫ সালে বৈদেশিক সহায়তায় (ওডিএ) ইতিহাসের সবচেয়ে বড় (২৩ দশমিক ১ শতাংশ) পতন ঘটেছে। তহবিল সংকটের কারণে বিশ্বজুড়ে নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রের (সেফ স্পেস) ২৫০টিরও বেশি কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

তহবিল সংকটে সংকুচিত রোহিঙ্গা নারীদের সুরক্ষা কার্যক্রম :
কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল হ্রাসের চরম নেতিবাচক প্রভাব পড়েছে এই শিবিরে। তহবিলের মারাত্মক ঘাটতির কারণে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় নিয়োজিত সেবাগুলো ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে, নারী ও মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে। এছাড়া যৌন সহিংসতা প্রতিরোধমূলক কার্যক্রম, ভুক্তভোগীদের জন্য প্রয়োজনীয় কেইস ম্যানেজমেন্ট এবং তাদের মানসিক স্বাস্থ্য ও ঘুরে দাঁড়ানোর জন্য জরুরি মনোসামাজিক সহায়তা কার্যক্রমও তহবিল সংকটের কারণে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে, যা শরণার্থী নারী ও শিশুদের নিরাপত্তাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

নারী মানবাধিকারকর্মীদের ওপর আক্রমণ :
২০২৫ সালে বিশ্বজুড়ে ৯৫০ জন মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শ্রমিক নেতা নিহত বা গুম হয়েছেন। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ নারী মানবাধিকারকর্মী ও সাংবাদিক কর্মক্ষেত্রে অনলাইন সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছেন, যার ২৪ শতাংশ ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও অপতথ্য ছড়ানো হয়েছে।

প্রতিবেদনের শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, জাতিসংঘের নেতৃত্বাধীন প্রতিটি শান্তি প্রক্রিয়ায় নারীদের ন্যূনতম এক-তৃতীয়াংশ অংশগ্রহণ নিশ্চিত করা এবং যৌন ও প্রজনন সহিংসতার অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে, যুদ্ধের পেছনে ব্যয় হওয়া ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের সামান্য একটি অংশও যদি সংঘাত প্রতিরোধ এবং নারী-নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে বিনিয়োগ করা হয়, তবে বিশ্বজুড়ে এই মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জীবাশ্ম জ্বালানি ছাড়ার রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান গুতেরেসের

জলবায়ু নেতৃত্বে চীনের দিকে তাকিয়ে বিশ্ব

চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি!

আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত বেশ কয়েকজন

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, কমতে পারে ঢাকার তাপমাত্রা

Call to Reform Global Climate Finance Framework for Climate Justice at COP31

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি কপ-৩১-এ

Basumati Agro Introduces New Opportunities in Agribusiness with Swarnobhumi

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের