ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ৩:৪৮ বিকাল

Link Copied!

এক শতাব্দীরও বেশি সময় আগে স্কটল্যান্ডের উপকূল থেকে হারিয়ে গিয়েছিল বুনো ঝিনুক। অতিরিক্ত আহরণের কারণে স্থানীয়ভাবে বিলুপ্ত হয়ে যাওয়া সামুদ্রিক প্রাণীটি আবারও ফিরতে শুরু করেছে। সংরক্ষণবিদদের উদ্যোগে স্কটল্যান্ডের ডর্নক ফার্থে (Dornoch Firth) বুনো ঝিনুকের প্রজনন সফল হয়েছে। যুক্তরাজ্যে স্থানীয়ভাবে বিলুপ্তির পর কোনো এলাকায় বুনো ঝিনুকের স্বাভাবিক প্রজননের ঘটনা এটিই প্রথম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের ইনভারনেসের উত্তরে অবস্থিত ডর্নক ফার্থে সামুদ্রিক জীববৈচিত্র্য পুনরুদ্ধারের উদ্যোগে এই সাফল্য এসেছে। গবেষকেরা আশা করছেন, একসময় ওই এলাকায় প্রায় ৪০ লাখ দেশীয় ইউরোপীয় ফ্ল্যাট অয়েস্টার বা ঝিনুকের বসতি গড়ে উঠবে।

একসময় ব্রিটেনের সমুদ্রতলজুড়ে বিপুলসংখ্যক দেশীয় ঝিনুকের উপস্থিতি ছিল। ১৮৮৩ সালের ঐতিহাসিক মানচিত্র ও নথিতে দেখা যায়, দেশটির উপকূলীয় এলাকায় বিশাল ঝিনুকের প্রাচীর বা রিফ গড়ে উঠেছিল। এসব আবাসস্থল সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের সমৃদ্ধ বাস্তুতন্ত্রকে সহায়তা করত। কিন্তু ভিক্টোরীয় যুগে শহরাঞ্চলে ঝিনুকের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাপক হারে আহরণ শুরু হয়। নতুন রেলপথে বিপুল পরিমাণ ঝিনুক শহরগুলোতে সরবরাহ করা হতো। কয়েক দশকের মধ্যেই উত্তর সাগর, ইংলিশ চ্যানেলসহ ব্রিটেনের বহু উপকূলীয় এলাকা থেকে প্রজাতিটি হারিয়ে যায়।

স্কটল্যান্ডের ফার্থ অব ফোর্থ এলাকায় একসময় বছরে প্রায় ৩ কোটি ঝিনুক আহরণ করা হতো। সেখানে প্রায় ২০ মাইল দীর্ঘ ও ৬ মাইল প্রশস্ত ঝিনুকের আবাসস্থল ছিল। বর্তমানে সেটিও বিলুপ্ত। ব্রিটিশ উপকূলের মাত্র কয়েকটি স্থানে উল্লেখযোগ্য পরিমাণে বুনো ঝিনুকের বসতি টিকে আছে। বিশ্বজুড়েও একই ধরনের সংকট দেখা দিয়েছে। ইউরোপীয় ঝিনুক এখন গুরুতরভাবে বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় ১২ বছর আগে ডর্নক এনভায়রনমেন্টাল এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ডিপ) শুরু হয়। প্রকল্পটিতে হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি, মেরিন কনজারভেশন সোসাইটি এবং গ্লেনমোরাঞ্জি হুইস্কি কোম্পানি অর্থায়ন করেছে। এ উদ্যোগের আওতায় ডর্নক ফার্থে প্রায় ১ লাখ ৪০ হাজার পূর্ণবয়স্ক ঝিনুক অবমুক্ত করা হয়েছে, যাতে সেগুলো বংশবিস্তার করে নতুন বসতি গড়ে তুলতে পারে।

ঝিনুকগুলো সংগ্রহ করা হয়েছে স্কটল্যান্ডের লখ রায়ান এলাকার টিকে থাকা একটি প্রাকৃতিক ঝিনুকক্ষেত্র থেকে। সমুদ্রে ছাড়ার আগে স্বেচ্ছাসেবকেরা হাতে পরিষ্কার করে সেগুলোকে জীবাণুমুক্ত ও নিরাপদ রাখার ব্যবস্থা করেন। সম্প্রতি গবেষকেরা সেখানে নতুন জন্ম নেওয়া ঝিনুকের সন্ধান পেয়েছেন। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, এটি প্রমাণ করে যে ঝিনুকগুলো এখন প্রাকৃতিকভাবেই বংশবিস্তার করছে।

হেরিওট-ওয়াট ইউনিভার্সিটির সামুদ্রিক জীববৈচিত্র্যবিষয়ক অধ্যাপক ও প্রকল্পটির প্রধান উইলিয়াম স্যান্ডারসন এ সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ঝিনুকের আবাসস্থল প্রতিষ্ঠিত হলে এক দশকের মধ্যে সমুদ্রতলের জীববৈচিত্র্য দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকে।

সামুদ্রিক বাস্তুতন্ত্রে ঝিনুকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সমুদ্রতলের পলিমাটি স্থিতিশীল রাখতে সাহায্য করে, পানির ভেতরের ক্ষুদ্র খাদ্যকণা ছেঁকে পানি পরিষ্কার করে এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের জন্য জটিল আবাসস্থল তৈরি করে। পাশাপাশি ঝিনুকের আবাসস্থল কার্বন সঞ্চয়েও ভূমিকা রাখে।

গবেষকেরা ২০৩১ সালের মধ্যে ডর্নক ফার্থের ঝিনুকের সংখ্যা এমন পর্যায়ে নিয়ে যেতে চান, যাতে প্রজাতিটি নিজে থেকেই টিকে থাকতে ও বংশবিস্তার করতে পারে। তবে এর জন্য ঝিনুকের জন্মহারকে কাঁকড়া ও তারামাছের মতো শিকারি প্রাণীর কারণে কমে যাওয়া সংখ্যার চেয়ে বেশি হতে হবে। ঝিনুকের সংখ্যা বাণিজ্যিকভাবে আহরণের উপযোগী হতে আরও এক দশক বা তার বেশি সময় লাগতে পারে।

ডর্নকের এই সাফল্য যুক্তরাজ্যের আরও কয়েকটি সামুদ্রিক সংরক্ষণ প্রকল্পকে উৎসাহিত করেছে। এর মধ্যে রয়েছে আর্গাইলের সিওয়াইল্ডিং, এসেক্স অয়েস্টার রেস্টোরেশন ইনিশিয়েটিভ, সোলেন্ট অয়েস্টার রেস্টোরেশন প্রজেক্ট এবং এডিনবরার কাছের রেস্টোরেশন ফোর্থ।

তবে ঝিনুকের আবাসস্থল পুনরুদ্ধারের পথে অতিরিক্ত মাছ আহরণ, সমুদ্রদূষণ এবং সমুদ্রতল ক্ষতিগ্রস্ত করে এমন টানা জাল ব্যবহারের মতো চ্যালেঞ্জ রয়ে গেছে। সংরক্ষণবিদদের মতে, দীর্ঘমেয়াদে এ উদ্যোগ সফল করতে হলে ঝিনুকের নতুন বসতি রক্ষার পাশাপাশি সামুদ্রিক পরিবেশের ওপর চাপ কমাতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন