
নাটোর শহরের চকবৈদ্যনাথ (চামড়া পট্রি) এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই পিকআপে চলন্ত আরেকটি পিকআপ সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২ জুন) দিনগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মজিদ (৭০) ও পিকআপচালক রনি (৩৫)। তাঁরা পাবনা যাচ্ছিলেন আম ভর্তি পিকআপ নিয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আম নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী মজিদ। পথে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৌঁছালে পিকআপটির একটি চাকা পাংচার হয়ে যায়। তখন চালক রনি ও ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে চাকা খুলছিলেন। এ সময় হঠাৎ পিছন দিক থেকে আসা একটি চলন্ত পিকআপ তাঁদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। ফলে দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, মহাসড়কে রাতের বেলায় অতিরিক্ত গতির যানবাহন ও অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তাই সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।