
নরসিংদীর পলাশে টানা দুইদিন পরপর ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৮ মিনিটে প্রথম দফার ভূমিকম্পে দুইজন নিহত হওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে।
এর মধ্যে ব্রিটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুতে দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে। সেতুর ওপর দিয়ে অন্তত ১৬ জোড়া ট্রেন চলাচল করে, ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভূমিকম্পের পরের দিন শনিবার (২২ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও পলাশ উপজেলা প্রশাসন সেতুর পরিদর্শন করেছেন। স্থানীয়রা রেলওয়েকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলসেতুর দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল ধরা পড়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় যাত্রীরা সতর্ক থাকতে ও ট্রেন চলাচলে বিশেষ মনোযোগ রাখতে বলছেন।