
ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন যাত্রী। আহত হয়েছেন আরও ২৮ জন। সোমবার তেনকাসি জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাদুরাই থেকে একটি বাস সেনকোট্টাইয়ের দিকে যাচ্ছিল এবং আরেকটি বাস কোভিলপট্টির দিকে রওনা হয়েছিল। তেনকাসি এলাকায় পৌঁছালে দুই বাসের তীব্র মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয়জন মারা যান।
আহত ২৮ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে-মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়া গতিতে চলছিল। ধারণা করা হচ্ছে, দ্রুতগতিই এই দুর্ঘটনার মূল কারণ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।