
ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
রাকিবুল উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের হায়দারুল ইসলামের ছেলে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম।
জানা যায়, শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে স্টেশন ছাড়ার পরপরই আউটার সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতের চাচাতো ভাই রিপন মিয়া জানান, রাকিবুল ইসলাম এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম বলেন, শ্যামগঞ্জ স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া ট্রেনে স্টেশনের আউটার সিগন্যালের কাছে কাটা পড়ে মারা যান রাকিবুল। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।