
জুলাই মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫৪টি দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত এবং ১,৪১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে শুধুমাত্র সড়কপথে ৫০৬টি দুর্ঘটনায় ৫২০ জন নিহত ও ১,৩৫৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কের ছোট-বড় গর্তের কারণে দ্রুতগামী যানবাহনে দুর্ঘটনা বেড়েছে। সংগঠনটি জরুরি ভিত্তিতে এসব সড়ক সংস্কার এবং বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণের কৌশল উদ্ভাবনের আহ্বান জানিয়েছে।
জুলাইয়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৪১ জন আহত হন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।
মোটরসাইকেল দুর্ঘটনার হারও উদ্বেগজনক। মাসটিতে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩২ শতাংশ এবং মোট নিহতের ৩২.৫ শতাংশ।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে—১২২টি ঘটনায় ১৩০ জন নিহত ও ২৯৫ জন আহত। বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে—২৩টি ঘটনায় ২৩ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন।