ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ১:৩০ বিকাল

Link Copied!

তরুণ ও শিশু-কিশোরদের মাঝেও এখন বাড়ছে টাইপ-২ ডায়াবেটিসের বিপজ্জনক বিস্তার, যা সাধারণত মধ্যবয়সী বা প্রবীণদের মধ্যেই বেশি দেখা যেত। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ১০ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের যারা এই রোগে আক্রান্ত, তাদের প্রায় দুই-তৃতীয়াংশেরই নিজেদের অসুস্থতার বিষয়ে কোনো ধারণাই ছিল না। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের দুটি পৃথক গবেষণায় এই ভয়াবহ চিত্র সামনে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, একই বয়সসীমার প্রতি পাঁচজন তরুণের প্রায় একজনের মধ্যে রয়েছে প্রিডায়াবেটিসের লক্ষণ। অর্থাৎ তাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক সীমার চেয়ে বেশি রয়েছে, যা পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের প্রধান তিনটি ধরন রয়েছে—টাইপ-১, টাইপ-২ ও গর্ভকালীন। টাইপ-১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে দেয়। আর টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে এ ধরনের ডায়াবেটিসের গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে, গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির (এএসিই) বৈজ্ঞানিক সাময়িকী ‘এএসিই এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস’ এবং সেজ পাবলিকেশনসের ‘সেজ ওপেন পেডিয়াট্রিকস’-এ গবেষণা দুটি প্রকাশিত হয়েছে।

‘আর্লি-অনসেট টাইপ-২ ডায়াবেটিস ইন বাংলাদেশ: ন্যাশনাল এস্টিমেটস অ্যান্ড রিস্ক কোরিলেটস’ শীর্ষক গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের আট বিভাগের শহর ও গ্রামীণ এলাকায় তথ্য সংগ্রহ করা হয়। এতে ১০ থেকে ৩৪ বছর বয়সী ২ হাজার ৩০০ জন অংশ নেন। তাদের মধ্যে ১০৪ জনের ডায়াবেটিস শনাক্ত হয়, অর্থাৎ প্রতি ১০০ জনে সাড়ে চারজন ডায়াবেটিসে আক্রান্ত। এ ছাড়া ৪২৩ জনের (১৮.৪ শতাংশ) প্রিডায়াবেটিস পাওয়া যায়।

গবেষণার সবচেয়ে ভীতিপ্রদ তথ্যটি হলো, ডায়াবেটিস শনাক্ত হওয়া ১০৪ জনের মধ্যে ৬৯ জনই (৬৬ শতাংশ) এর আগে নিজেদের রোগ সম্পর্কে জানতেন না। বয়সভেদে ১৯ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে এ রোগের হার ৭ দশমিক ৫ শতাংশ এবং ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ১ দশমিক ৩ শতাংশ। এছাড়া শহরাঞ্চলে ডায়াবেটিসের হার ৬ শতাংশ, যা গ্রামাঞ্চলে ৩ দশমিক ২ শতাংশ।

গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ থাকা ব্যক্তিদের ডায়াবেটিস শনাক্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে ৩ দশমিক ৩ গুণ বেশি। একইভাবে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকলে ঝুঁকি ২ দশমিক ৯ গুণ, ধোঁয়াবিহীন তামাক (যেমন জর্দা) ব্যবহার করলে ২ দশমিক ৬ গুণ এবং শারীরিকভাবে কম সক্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।

প্রধান গবেষক ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ডা. মাশফিকুল হাসান বলেন, ‘টাইপ-২ ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে অনেকের উপসর্গ থাকে না। ফলে তারা রোগ সম্পর্কে জানতেও পারেন না। বিশেষ করে অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে ঝুঁকি বাড়ে। কিন্তু দেশে কিশোর ও তরুণদের ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক পরীক্ষা তেমন হয় না।’

স্কুলশিশুদের ওপর পরিচালিত দ্বিতীয় জাতীয় গবেষণায় (‘প্রিভ্যালেন্স অ্যান্ড ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস অ্যান্ড প্রিডায়াবেটিস ইন স্কুল গোয়িং চিলড্রেন: আ নেশনওয়াইড স্টাডি ফ্রম বাংলাদেশ’) দেশের ৮ বিভাগের ৫ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৩৪২ স্কুলশিশুর তথ্য বিশ্লেষণ করা হয়।

এতে তিন শিশুর ডায়াবেটিস এবং ১৯ জনের প্রিডায়াবেটিস শনাক্ত হয়। ডায়াবেটিস শনাক্ত হওয়া তিন শিশুরই টাইপ-২ ডায়াবেটিস ছিল। গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক ওজনের শিশুদের তুলনায় স্থূল শিশু এবং পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস থাকা শিশুদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। একইভাবে ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে ঝুঁকি বেশি পাওয়া গেছে।

শিশুদের নিয়ে এ গবেষণার প্রধান গবেষক বারডেম জেনারেল হাসপাতালের (মহিলা ও শিশু) নবজাতক ও শিশু বিভাগের অধ্যাপক ডা. ফৌজিয়া মহসিন বলেন, ‘পারিবারিক ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয়। তবে শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার মতো পরিবর্তনযোগ্য বিষয় নিয়ন্ত্রণের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।’

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তাদের ৩৯ শতাংশ বা ৫৪ লাখ মানুষই জানতেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। এ বয়সী জনগোষ্ঠীতে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ছিল ১২ দশমিক ৩ শতাংশ। একই বছরে এ রোগে দেশে প্রায় ৩১ হাজার ৬২০ জনের মৃত্যু হয়। সংস্থাটির আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যাবে।

দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ে। এ ছাড়া কিডনি, চোখের রেটিনা ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুতর ক্ষেত্রে কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো বা পায়ের সংক্রমণ থেকে অঙ্গচ্ছেদও হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ (সিজিএইচআর) ২০২৪ সালের নভেম্বর থেকে ‘ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর’ অ্যাপের মাধ্যমে ঝুঁকি যাচাই করছে। প্রায় ২৫ হাজার মানুষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৫০ শতাংশ উচ্চ, ৪২ শতাংশ মাঝারি ও ৬ শতাংশ কম ঝুঁকিতে রয়েছেন। সিজিএইচআরের পরিচালক অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জাতীয় প্রটোকলে অ্যাপভিত্তিক ঝুঁকি যাচাই যুক্ত করা হয়েছে, যা কমিউনিটি পর্যায়ে ব্যবহার করা হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, ‘উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে নিয়মিত স্ক্রিনিং ও রোগীর তথ্যভান্ডার গড়ে তোলা এখন সময়ের দাবি।’

Facebook Comments Box

আরও পড়ুন

Those Responsible for the Climate Crisis Must Also Take Responsibility for Its Financing

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জ্বালানি খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিতের দাবি

vivo V80: Premium Experience, Easier Upgrade

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

Sustainable Financing for Hypertension Control Urged

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান

কিরগিজস্তানে মাফিয়া ডনের রিসোর্ট কিনেছে বিতর্কিত এনজিও

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের ‘কালো ফিঙে’

‘যা কিছু ভালোবাসি সবই আজ ঝুঁকিতে’: জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

যুদ্ধের ময়দানে অস্ত্র এখন ধর্ষণ, চারগুণ বাড়ল যৌন সহিংসতা : জাতিসংঘ