
জলবায়ু সংকট মোকাবিলাকে বৈশ্বিক অগ্রাধিকারের কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জলবায়ু বিপর্যয় মানুষের জীবন, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন ও বৈশ্বিক স্থিতিশীলতাকে একসঙ্গে হুমকির মুখে ফেলছে। তাই জলবায়ু পদক্ষেপকে জাতিসংঘের প্রতিটি কাজের কেন্দ্রে রাখতে হবে। তাঁর ভাষায়, ‘জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।’
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে শুক্রবার (১৩ নভেম্বর) নিজের শেষ জলবায়ুবিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরের শেষে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব ছাড়বেন তিনি। ফলে কপ-৩১-এ এটিই ছিল তাঁর শেষ জলবায়ুবিষয়ক বক্তব্য।
গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তন কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি বিশ্বজুড়ে মানুষের বাস্তুচ্যুতি ও ক্ষোভ বাড়ায়, কয়েক দশকের উন্নয়ন অর্জন নষ্ট করে এবং দেশগুলোকে আরও ঋণ ও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেয়। একই সঙ্গে ভূমি ও পানিসম্পদ নিয়ে প্রতিযোগিতা বাড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করে।
তিনি সতর্ক করে বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে দারিদ্র্য দূর করার প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক ব্যবস্থার ক্ষতি অব্যাহত থাকলে তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতিও অর্থহীন হয়ে পড়বে।
বিদায়ী মহাসচিবের মতে, জলবায়ু পরিবর্তনের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তারাই এর সবচেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করছে। এ পরিস্থিতি জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নকে আরও জরুরি করে তুলেছে।
জলবায়ু সংকটের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার কথা উল্লেখ করেন গুতেরেস। তিনি বলেন, নিরাপদ জলবায়ু নিশ্চিত করতে হলে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে দ্রুত, ন্যায়সংগত ও সুশৃঙ্খলভাবে সরে আসতে হবে।
তাঁর মতে, শুধু জ্বালানি সরবরাহকারী পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না; বরং জীবাশ্ম জ্বালানির ওপর সামগ্রিক নির্ভরতা কমাতে হবে। এজন্য নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চয়ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি দক্ষতায় বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন।
গুতেরেস আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দেশগুলোকে আন্তর্জাতিক সংঘাত, বাজারের অস্থিরতা ও জ্বালানির মূল্যবৃদ্ধির ঝুঁকিতে রাখে। ফলে জ্বালানি রূপান্তর শুধু জলবায়ু সুরক্ষার বিষয় নয়, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থেও জরুরি।
জলবায়ু পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক বার্তা দিয়ে গুতেরেস বলেন, বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করা এখন অনিবার্য হয়ে উঠেছে। তবে এই সীমা কতটা এবং কত সময়ের জন্য অতিক্রম করবে, তা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। দ্রুততম সময়ে তাপমাত্রা আবার ১ দশমিক ৫ ডিগ্রির নিচে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
এ জন্য আগামী কয়েক বছর প্রতি বছর প্রায় ৬ শতাংশ হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
গুতেরেসের বক্তব্য অনুযায়ী, দেশগুলোর বর্তমান জাতীয় জলবায়ু অঙ্গীকার বা এনডিসি বাস্তবায়িত হলেও চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আরও বেশি অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করা হলেও প্রয়োজনীয় অর্থের ৩০ শতাংশের কম পূরণ হবে। তাই উন্নত দেশগুলোকে আগের জলবায়ু সম্মেলনগুলোতে দেওয়া অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
গুতেরেসের বক্তব্যের দিন শুক্রবার বিকেল নাগাদ সম্মেলনে অংশ নেওয়া ৯০ জনের বেশি বিশ্বনেতার অধিকাংশই নিজ নিজ দেশে ফিরে গেছেন। এরপর আলোচনার মূল দায়িত্ব পড়ে বিভিন্ন দেশের আলোচক ও প্রতিনিধিদের ওপর।
কপ-৩১-এর সম্ভাব্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে একটি ‘রিফ্লেকশনস’ বা আলোচনার সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এতে সম্মেলনের শুরু থেকে বিভিন্ন দেশের উত্থাপিত প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের প্রথম খসড়া তৈরির কথা রয়েছে।
সম্মেলনে আলোচনার গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে ব্যবহৃত মোট চূড়ান্ত জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ, মিথেন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অগ্রগতি এবং জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।
তবে এসব প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি করা কঠিন হতে পারে। অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী এবং সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন জানিয়েছেন, প্রকাশিত সারসংক্ষেপটি চূড়ান্ত আলোচনার দলিল নয়। কোনো প্রস্তাবই এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
এদিকে, সম্মেলনে জীবাশ্ম জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট ১০০টির বেশি কোম্পানি ও সংগঠনের উপস্থিতির তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ, জলবায়ু সংকটের জন্য দায়ী বড় দূষণকারী প্রতিষ্ঠানগুলো সম্মেলনে অতিরিক্ত প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।
সব মিলিয়ে কপ-৩১-এ গুতেরেসের বিদায়ী বক্তব্যে জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে এসব আহ্বান শেষ পর্যন্ত কতটা কার্যকর সিদ্ধান্তে রূপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।