
রাজধানী ঢাকার ঘনবসতি ও যানজটের বাস্তবতায় জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি সভা-সমাবেশের জন্য ৯১টি বিকল্প স্থানের প্রস্তাব তুলে ধরেন।
শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এ আহ্বান জানান।
তিনি বলেন, “রাস্তা বন্ধ থাকায় গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী কিংবা পরীক্ষার্থী তাদের গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন। তাই রাজধানীতে সভা-সমাবেশের জন্য প্রস্তাবিত বিকল্প স্থানগুলো বিবেচনা করতে হবে।”
ডিএমপি কমিশনার জানান, প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে ৮টি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি এবং রমনা বিভাগে ৪টি স্থান রয়েছে।
সভায় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির সর্বোচ্চসংখ্যক ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা যানজট, মাদক বিস্তার এবং কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এ সময় রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, “ঢাকার নাগরিকরা যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের নাশকতার বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।”
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রাজনৈতিক নেতাদের পক্ষ থেকেও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিএমপিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।