
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ট্রাক চালক সোহাগ হোসেন (২৫)। এ দুর্ঘটনা বুধবার (১৩ আগস্ট) সকালেই মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে ঘটে।
নিহত সোহাগ ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালশার গ্রামের গোলাম মোস্তফারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ট্রাকটি বালু নিয়ে কুষ্টিয়া থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় নিগার সিদ্দিক কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, সোহাগ মূলত ট্রাকের হেলপার ছিলেন, তবে দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।