
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে নির্মাণাধীন জাহাজসমূহের অগ্রগতি পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি গত শুক্রবার চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ডে নির্মাণকাজ প্রত্যক্ষ করেন।
বিএসসি নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহ করছে, যেগুলোর বহন ক্ষমতা ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি)। সরকার সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সুপারিশের ভিত্তিতে প্রকল্পটির অনুমোদন প্রদান করেছে।
পরিদর্শনকালে উপদেষ্টা নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং সামগ্রিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ারসমূহ বহরে যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজতর হবে।”
বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক জানান, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ যুক্ত হলে বৈদেশিক বাণিজ্যে পরিবহন সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নৌপরিবহন খাত আরও সুসংহত হবে।
উপদেষ্টার এ পরিদর্শন নির্মাণাধীন জাহাজের মান নিয়ন্ত্রণ ও সময়মতো হস্তান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।