
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুর ও রোববার (১ জুন) রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন—গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষিকাজে নিয়োজিত জাইদুল হক (৫৬) এবং শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের অটোরিকশা মেকানিক হযরত আলী (৩৫)।
গোমস্তাপুর থানা পুলিশ জানায়, সোমবার দুপুর সোয়া ২টার দিকে রহনপুর থেকে বাঙ্গাবাড়ীগামী সড়কে বাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা খান জাইদুল। স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, রোববার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাকস্ট্যান্ড এলাকায় সোনামসজিদ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানচালক হযরত আলী। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুর্ঘটনাগুলোতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কে দ্রুতগামী ও অসচেতন চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।