
গাইবান্ধার সুন্দরগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও যাত্রীরা টানা তিন ঘণ্টা চরম ভোগান্তির শিকার হন।
স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির পর ছেড়ে দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ‘ক’ ও ‘খ’ এবং ‘ট’ ও ‘ঠ’ বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে ট্রেনটি সেখানেই থেমে যায়।
পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামত শেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি পুনরায় চালু করা হয়।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “ট্রেন ছাড়ার সময় বগির হুক ভেঙে যায়। করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামতের পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।”