
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফরহাদ উদ্দিন ভূইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের কাসেম ভুঁইয়ার ছেলে বলে জানা গেছে। সে কুমিল্লা থেকে রাজধানীর ঢাকার কর্মস্থলে ফিরছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলের চালককে, ঢাকা যাওয়ার পথে দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই মোটরসাইকেল চালক।
নিহতের ভাগিনা নাঈম রানা বলেন, আমার মামা ঢাকা টান্সকম কোম্পানিতে চাকরি করতেন। সাপ্তাহিক ছুটিতে বাড়ি এসেন পরে প্রতি শনিবার বাসা থেকে অফিস করার জন্য বের হয়ে যান। অফিসে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের আত্মীয়রা এসেছেন। সকল প্রক্রিয়া শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।