
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩০ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান (১৬), পিতা: জাকির হোসেন, সাং: বাঁশবাড়ীয়া, থানা: হরিণটানা নিহত হন।
ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) এবং জুয়েল বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ০৫ মিনিটে জুয়েল বাবু মৃত্যুবরণ করেন।
আহত চারজন বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের মতে, হোগলাডাঙ্গা মোড়ে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি।