
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। সবাইকে ঢাকা মেডিকেলে অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের সবারই অবস্থা আশঙ্কাজনক।
বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা প্রশিক্ষণ বিমানটি মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন দায়িত্বে। তার অবস্থা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে পড়ে বিমানটি আগুন ধরে যায় এবং আশপাশে থাকা শিক্ষার্থীরা তাতে ঝলসে যায়। স্কুল ক্যাম্পাসে অবস্থানরত একাধিক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় উত্তরার দিয়াবাড়ি এলাকায় তাৎক্ষণিকভাবে তৎপর হয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী জানিয়েছে, F-7BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।