
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে নিউজিল্যান্ড। আগামী ২০ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে ভিসা প্রক্রিয়া আরও সহজ ও নমনীয় হবে। এর ফলে একাধিক কোর্সে পড়াশোনা এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীরা আগের তুলনায় বেশি সুবিধা পাবেন।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক গন্তব্যে পরিণত করতেই পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি) ব্যবস্থায় এ সংস্কার আনা হয়েছে।
পাথওয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা একটি ভিসা ব্যবহার করে ধারাবাহিকভাবে একাধিক কোর্সে পড়াশোনা করতে পারেন। যেমন ইংরেজি ভাষার কোর্স বা ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করে একই ভিসায় উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি হওয়ার সুযোগ থাকে। এতে প্রতিটি কোর্সের জন্য নতুন করে ভিসার আবেদন করতে হয় না।
নতুন নিয়ম অনুযায়ী, ভিসায় আর নির্দিষ্ট বিষয় বা কোর্সের নাম উল্লেখ থাকবে না। পরিবর্তে শুধু ডিগ্রির ধরন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হবে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থীরা নতুন ভিসার আবেদন ছাড়াই একই ডিগ্রি পর্যায়ের মধ্যে বিষয় পরিবর্তন করতে পারবেন। এতে সময় ও খরচ—দুই-ই কমবে।
এছাড়া পাথওয়ে স্টুডেন্ট ভিসার আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। এখন নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক (NZQCF)-এর লেভেল ১ থেকে ৪ পর্যন্ত ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন প্রোগ্রাম এবং বিভিন্ন ভোকেশনাল সার্টিফিকেট কোর্সও এই ভিসার আওতায় অন্তর্ভুক্ত থাকবে।
ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের জন্যও নতুন সুবিধা দেওয়া হয়েছে। প্রথমবারের পাথওয়ে স্টুডেন্ট ভিসাধারীরা এখন মূল কোর্সে যাওয়ার আগে সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত ইংরেজি ভাষা শেখার সুযোগ পাবেন। আগে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এই সংস্কার সরকারের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ’ উদ্যোগের অংশ। তবে নতুন সুবিধা পেতে আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত সনদসহ পাথওয়ে স্টুডেন্ট ভিসার বিদ্যমান সব শর্ত পূরণ করতে হবে।