সরকারি চাকরিতে কৃষি ডিপ্লোমাধারীদের অযৌক্তিক পদায়নের প্রতিবাদ এবং কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা রোববার (৩১ আগস্ট) ঢাকা-ময়মনসিংহ রেলপথে অবরোধ কর্মসূচি পালন করেন।
সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে শিক্ষার্থীরা ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেন আটকে দেন। এতে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হলেও শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান করে তাদের কর্মসূচি চালিয়ে যান।
দুপুর ১টার দিকে তারা পুনরায় মোহনগঞ্জগামী ‘মহুয়া কমিউটার’ ট্রেন অবরোধ করে স্লোগান দিতে থাকেন। ফলে একই দিনে দুই দফায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কৃষি ডিপ্লোমাধারীরা শুধু অযৌক্তিক দাবি তুলছেন না, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কৃষিবিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কটূক্তিও করছেন। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবেই আমাদের এই রেল অবরোধ।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের সব পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ (বিএডিসি কোটার মাধ্যমে) বাতিল করতে হবে।
৩. কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী রুবেল আহমেদ বলেন, ‘আমরা পাঁচ বছর কঠোর অধ্যয়নের মাধ্যমে কৃষি ডিগ্রি অর্জন করি। অথচ ডিপ্লোমাধারীরা যদি একই উপাধি ব্যবহার করতে পারে, তাহলে আমাদের ডিগ্রির মূল্য কোথায়? সরকার যেন দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে।’


