
রাজধানীর জনপ্রিয় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে চালু হচ্ছে আধুনিক ডিজিটাল ভাড়া পরিশোধ ব্যবস্থা ‘র্যাপিড পাস’। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত এই কার্ড ব্যবস্থার মাধ্যমে এখন থেকে যাত্রীরা নগদ অর্থ ছাড়াই ভাড়া পরিশোধ করতে পারবেন।
রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের এফডিসি কাউন্টারের পাশে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব শেখ মইনউদ্দিন এবং প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ডিটিসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘র্যাপিড পাস’ চালুর ফলে গণপরিবহনে ভাড়া আদায় হবে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর। পর্যায়ক্রমে রাজধানীর আরও রুটে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।