
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তারা মিয়া (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরখণ্ড গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের জাগীর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সারোয়ার জানান, “সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, ঢাকা-আরিচা মহাসড়কটি রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট। এই রুটে দ্রুতগামী যানবাহনের চলাচল ও ওভারটেকিং প্রবণতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।