ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সারের অভাবে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষক, কঠোর নজরদারির নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ বিকাল

Link Copied!

দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় সারের প্রকৃত চাহিদা নিরূপণ, বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন, মজুত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে মোট সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।

বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুত রয়েছে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন।

এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ উত্তোলন নিশ্চিত করা, আগের চাহিদা ও মজুতের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করা এবং আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা গ্রহণ করা।

একই সঙ্গে মাঠপর্যায়ের প্রকৃত চাহিদার ভিত্তিতে উপপরিচালকদের যথাসময়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই অতিরিক্ত বা কম চাহিদার তথ্য পাঠানো যাবে না বলেও জানানো হয়েছে।

সারের সুষ্ঠু বিতরণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখতে হবে। মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় সারের অভাবে কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।

তিনি বলেন, কৃষকদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি না হয়, সে জন্য উপপরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।

কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং প্রকৃত কৃষকরা যাতে সময়মতো সার পান, সে জন্য কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

আবদুর রহিম আরও বলেন, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক এবং পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।

তিনি বলেন, কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি বজায় রাখছে। কোনো অবস্থাতেই কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষি সচিব আরও বলেন, কঠোর নজরদারির কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে। দেশের উত্তরাঞ্চলকে ফসল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, দেশের খাদ্যনিরাপত্তার বড় উৎস উত্তরবঙ্গ। ফসলের নিবিড়তা বিবেচনায় আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিবের ভাষ্য, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন ও সমন্বিত পদক্ষেপের ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো প্রয়োজনীয় সার পাবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণ নয়, অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে স্পেনে দেড় হাজার অভিবাসী

ক্যান্সার চিকিৎসায় অভিন্ন নির্দেশিকা অনুসরণের আহ্বান বিএমইউ ভিসির

শব্দদূষণ রোধে আতশবাজি ও অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের নির্দেশ হাইকোর্টের

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

বাড়ির সামনেই ট্রাকচাপায় অটোরিকশাচালকের মৃত্যু

আত্মহত্যা রোধ ও স্বাস্থ্য সুরক্ষায় ‘প্যারাকুয়াট’ নিষিদ্ধ করল বাংলাদেশ

DMP-GRSP organized Capacity building workshop on speed camera operation

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

শত বছর পর স্কটল্যান্ডের উপকূলে ফিরছে বিলুপ্তপ্রায় বুনো ঝিনুক