ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের ক্রয়মূল্য বাজারদরের তুলনায় কম উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ন্যায্য মূল্য নির্ধারণের পাশাপাশি সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করারও দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগরিকদের অভিযোগ, কৃষকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে এসব মূল্য নির্ধারণ করা হয়েছে। অথচ সার, ডিজেলসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং সারের সংকটের কারণে কৃষকদের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। সরকারি ক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের তুলনায় ধানের ক্রয়মূল্য কেজিতে মাত্র ১ টাকা বাড়ানো হলেও সিদ্ধ ও আতপ চালের দাম কেজিতে ১ টাকা কমানো হয়েছে। অন্যদিকে, বিদ্যমান বাজারদরের তুলনায় সরকারি ক্রয়মূল্য অনেক কম। এতে প্রকৃত কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং তাঁদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

এ পরিস্থিতির প্রভাব আগামী বোরো মৌসুমের উৎপাদনেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিবৃতিদাতারা। তাঁদের মতে, অনেক কৃষক ঋণ নিয়ে আবাদ করেন। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পেলে তাঁদের পক্ষে সেই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে। এতে ভবিষ্যতে কৃষিকাজে আগ্রহ হারাতে পারেন উৎপাদকরা।

বিবৃতিতে সরকারকে ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণের আগে বিভিন্ন কৃষি-প্রতিবেশ অঞ্চলের কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। কৃষক প্রতিনিধি নির্বাচনে নারী-পুরুষ, আদিবাসী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

পাশাপাশি অর্থনৈতিক ও বাজার পরিস্থিতির চাপে থাকা উৎপাদক কৃষকদের, বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের জন্য প্রয়োজন অনুযায়ী মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রীকে নির্বাচনী ইশতেহারে দেওয়া কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কৃষক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চালের ন্যূনতম ক্রয়মূল্য পুনর্নির্ধারণ, সংগ্রহের লক্ষ্যমাত্রা কমপক্ষে দ্বিগুণ করা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কঠোর নজরদারির দাবি জানানো হয়েছে। মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য এবং দুর্নীতি বন্ধেরও আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, খুশী কবির, অ্যাডভোকেট সুলতানা কামাল, শিরীন পারভিন হক, ড. ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, অ্যাডভোকেট জেড আই খান পান্না, শাহীন আনাম, শামসুল হুদা, অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক জোবাইদা নাসরীন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. স্বপন আদনান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট তবারক হোসেন, পাভেল পার্থ, ড. ঈশিতা দস্তিদার, রোজিনা বেগম, মনিন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান, সালেহ আহমেদ, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, ড. হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

Facebook Comments Box

আরও পড়ুন

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

সংসদ চত্বরে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাক বিরোধী জোট

ওষুধ বন্ধের পরও দুই বছর নিয়ন্ত্রণে থাকতে পারে উচ্চ রক্তচাপ!

যে টিয়াকে জায়গা দিয়েছিল ব্রিটেন, এখন তাকেই তাড়াতে চায়!

জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে মৌমাছির আচরণ, অকল্যান্ডে ঝাঁকের ছড়াছড়ি

শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

Public Health Advocates Welcome the Initiative to Make the Parliament Complex Smoke-Free