
সড়কে শৃঙ্খলা আনয়ন ও ঢাকা মহানগরীর যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি৷ শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়কের শৃঙ্খলা, যানজট নিরসন, নিরাপদ যাতায়াত, যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পরিবহন মালিকেরা দাবি করেন, গত দেড় দশকে পরিবহন খাতকে রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খল করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের এখনই সময়।
আর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধপরিকর। আমরা সংগঠনটির দায়িত্ব নেয়ার পর থেকে নগরে যানজট কমাতে কাজ করছি। তবে এ সমস্যা সমাধান মালিকদের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য গণপরিবহন মালিক, চালক, সহকারী ও সংশ্লিষ্ট সবার সমন্বয় এবং সহযোগিতা প্রয়োজন। আর আমাদের আজকের এই ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সড়কের নিরাপত্তা ও যানজট নিরসনে সবাইকে সচেতন হবার আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।