
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে।
নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর, পরনে ছিল প্রিন্টের শাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, “আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসটি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।