
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে দুবাই থেকে আসা বিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর-বিবিসি।
হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তুরস্কভিত্তিক কার্গো সংস্থা এয়ার এ সি টি–এর মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) উত্তর দিকের রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বিমানবন্দর কর্মী সাগরে পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
সরকারি সম্প্রচার সংস্থা আরটিএইচকে ও স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর উত্তর দিকের রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও বাকি দুটি রানওয়ে সচল রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঘটনার পর হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিস বিভাগের জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনার কারণে অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল। দীর্ঘদিন ধরেই বিমানবন্দরটি নিরাপত্তা রেকর্ড ধরে রেখেছে।